জুলাই জাদুঘরের উদ্বোধন বুধবার, সবার জন্য উন্মুক্ত বৃহস্পতিবার

আগামীকাল ৫ আগস্ট উদ্বোধন করা হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখবেন। সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন তিনি।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা থাকবে। এসব আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রী।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

All Categories