জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল, জরিমানা ছাড় ১৫ অক্টোবর পর্যন্ত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কোনো জরিমানা দিতে হবে না।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এক আদেশে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। আদেশ অনুযায়ী, বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংশোধনের পর তিন কর মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে অনেক প্রতিষ্ঠানের মধ্যে সময়সীমা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

নতুন নির্দেশনায় জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন না দেওয়া প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবরের মধ্যে তা জমা দিতে বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে একই সময়ের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন কর মেয়াদের রিটার্ন অনলাইনে সিস্টেমে দাখিল করতে হবে।

এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন জমা দিলে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে না।

All Categories