জেনিফার লোপেজের নতুন প্রেম, বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ
হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে জড়িয়েছেন। অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনকে নিয়ে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। ‘অফিস রোমান্স’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর বাস্তব জীবনেও তাদের সম্পর্কের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
যদিও এর আগে তারা নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক অস্বীকার করেছিলেন, তবে সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা হচ্ছে।
একটি প্রতিবেদনে বলা হয়, গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত পার্টিতে একই গাড়িতে আসা ও ফিরতে দেখা যায় জেনিফার ও ব্রেটকে। যদিও তারা অনুষ্ঠানে আলাদাভাবে প্রবেশ করেছিলেন।
একটি সূত্রের দাবি, ৫৭ বছর বয়সী জেনিফার লোপেজ ও ৪৬ বছর বয়সী ব্রেট গোল্ডস্টেইনের পার্টি ও রেস্তোরাঁয় ঘুরতে যাওয়ার আগ্রহ রয়েছে। সূত্রটি উল্লেখ করেছে যে, জেনিফারের সাবেক স্বামী বেন অ্যাফ্লেকের তুলনায় ব্রেট বাইরে ঘুরতে বেশি পছন্দ করেন। জনসমক্ষে জেনিফারের সঙ্গে ঘোরাঘুরির সময় অ্যাফ্লেককে খুব একটা খুশি দেখাতো না।
জেনিফার ও ব্রেটের প্রেমের গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের মার্চে তারা ব্রডওয়ের নাটক ‘ওহ, মেরি!’ একসঙ্গে দেখতে গিয়েছিলেন। সে সময় ‘অফিস রোমান্স’ সিনেমার শুটিংও শুরু হয়নি।
চলতি বছরের শুরুতে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে জেনিফার ব্রেটের প্রশংসা করেছিলেন এবং তাকে ‘সেরা চুম্বনসঙ্গী’ বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, বহু বছর ধরেই জেনিফারের প্রতি মুগ্ধতা প্রকাশ করে আসছেন ব্রেট। ২০১৯ সালের ডিসেম্বরে নিজের পডকাস্টে জেনিফারের ‘হাস্টলার্স’ সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়ে তার বয়সের প্রসঙ্গ তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ব্রেট। তিনি বলেছিলেন, ‘এ কী! ৫০! তার বয়স ৫০। আমি তাকে ভালোবাসি।’
তবে ‘অফিস রোমান্স’ সিনেমার প্রচারের সময় ‘টুডে’ অনুষ্ঠানে প্রেমের গুঞ্জন সরাসরি নাকচ করেছিলেন জেনিফার ও ব্রেট। অনুষ্ঠানের সঞ্চালক সাভানা গুথরি তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেনিফার বলেন, ‘আমরা প্রেম করছি না।’ ব্রেটও সম্মতি জানিয়ে বলেন, ‘ঠিক।’ জেনিফার আরও বলেন, তিনি যার সঙ্গেই কাজ করেন, তাকেই ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।