জাতিসংঘের কাছে ইরানের হামলার ক্ষতিপূরণ চায় কাতার

সাম্প্রতিক ইরানের একের পর এক হামলার অভিযোগ তুলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার। চিঠিতে হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দিয়ে কাতার এসব ঘটনার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে।দোহার অভিযোগ, কাতারের একটি তেলবাহী জাহাজ এবং দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে। এ ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণের কথা জানিয়েছে কাতার।

 ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার।চিঠিতে কাতার দাবি করেছে, ইরান দেশটির ওপর একাধিকবার হামলা চালিয়েছে।গত ৭ জুলাই কাতারের তেলবাহী জাহাজ আল রেকাইয়াত-এ হামলার কথা উল্লেখ করা হয়েছে।এছাড়া ১২ জুলাই কাতারের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার কথাও বলা হয়েছে চিঠিটিতে। যদিও ওই হামলা দেশটির সশস্ত্র বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে কাতার।

কাতারের অভিযোগ, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান।তাই হামলায় ক্ষয়ক্ষতির জন্য কাতার ক্ষতিপূরণ দাবি করছে। পাশাপাশি প্রয়োজন হলে জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করবে বলে জানিয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজকে ঘিরে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে চলাচল করছিল।

তবে ইরানের দাবি, তেহরানের সঙ্গে সমন্বয় না করে এ রুট ব্যবহার করা মানে জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ ইচ্ছাকৃতভাবে এ রুট ব্যবহারে উৎসাহ দিচ্ছে, যাতে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হয়। ফলে গুরুত্বপূর্ণ এ নৌপথকে ঘিরে চলমান উত্তেজনা আরও বাড়ছে।

 


 

All Categories