গোপালগঞ্জে টহল পুলিশের ওপর হামলা: আরও ১৮ জন গ্রেপ্তার, মোট ২৫

গোপালগঞ্জে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ঘটনায় এ পর্যন্ত মোট ২৫ জন পুলিশের হাতে ধরা পড়লেন। এর আগে রোববার আটক সাতজনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছিল।

রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৪০ জনের নাম উল্লেখ আছে এবং বাকি ৬০ জন অজ্ঞাতপরিচয়।

পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতা-কর্মী ঝটিকা মিছিল করেন। মিছিলে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

সে সময় এলাকায় টহলে থাকা পুলিশের একটি দল মিছিলটি থামাতে গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে একদল লোক হঠাৎ পুলিশের ওপর আক্রমণ করে এবং একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। হামলায় মামলার বাদী এসআই ফুলমিয়াসহ পুলিশের দুজন সদস্য আহত হন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

All Categories