ট্রাকচালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ঠিক করা হয়েছে।
আইনজীবীরা জানান, কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয় আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আরও দুই আসামিও হাজিরা দেন। তবে আসামি বদিউল আলম অনুপস্থিত থাকায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনাসহ ২২ আসামি পলাতক থাকায় তাঁরাও আদালতে ছিলেন না।
শুনানিতে ১১ আসামির পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি ও গাজী ফয়সাল ইসলামসহ একাধিক আইনজীবী অব্যাহতি চান। তাঁদের যুক্তি ছিল, মামলায় মক্কেলদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১১ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
হাসিনা ছাড়াও এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, সাদেক খান এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন মারা যান। ওই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন। হোসেনের স্ত্রী মোসা. রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আকরামুজ্জামান ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।