Oct 26, 2026
রাজধানীর সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর কোনো রাজপথ দখল করে হকারদের ব্যবসা করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তবে নিয়ম মেনে নির্ধারিত জায়গায় ব্যবসা করার সুযোগ দেওয়া হবে এবং সেখানে ফুটপাত পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ব্যবসায়ীদেরই নিতে হবে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে কলাবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ডিএসসিসি এলাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা, যা নিরসনে কাজ চলছে। অন্যদিকে নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ চলাচলে দুর্ভোগে পড়ছেন, ফলে অনেকে ওই এলাকায় যেতেই অস্বস্তি বোধ করেন। এ অবস্থা বদলাতে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজপথে কোথাও হকার বসতে পারবেন না এবং নিয়ম সবাইকে মানতে হবে। তবে নিয়মের মধ্যে ব্যবসার ব্যবস্থা করা গেলে ব্যবসায়ীরা সুবিধা পাবেন; এ ক্ষেত্রে তিনি মতিঝিলের নৈশকালীন বাজারের উদাহরণ দেন।

প্রশাসকের মতে, নগরবাসীর চাহিদা অনুযায়ী সেবা দেওয়া সিটি করপোরেশনের দায়িত্ব। সেবায় কোনো অবহেলা বা সমস্যা থাকলে তা জানাতে অনুরোধ করেন তিনি, পাশাপাশি সবার সহযোগিতাও চান।

একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নগরীর উন্নয়ন ও শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সীমিত জনবল ও সক্ষমতা নিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষকে সেবা দেওয়া সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষ্য, আগের সরকারের আমলের আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারেও প্রতিষ্ঠানটির সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, কোন সড়ক বেশি গুরুত্বপূর্ণ বা কোথায় উন্নয়ন জরুরি, তা বিবেচনা করে কাজের অগ্রাধিকার ঠিক করা হবে এবং সেখানে ব্যক্তি বা এলাকার পরিচয় নয়, প্রয়োজন ও জনস্বার্থই প্রাধান্য পাবে।

বিভিন্ন ওয়ার্ডের সমস্যা চিহ্নিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন সমাধানে কাজ করছে, তবে তা এখনো যথেষ্ট নয় এবং কাজের গতি বাড়াতে কিছু প্রতিবন্ধকতা আছে, যা কর্তৃপক্ষের জানা। রাজধানীকে আরও বাসযোগ্য করতে তিনি সব শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিককে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

All Categories