জাতীয় সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষক হত্যার ঘটনায় আসামির জামিন মঞ্জুর
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে সড়কে পড়ে বগুড়ার প্রধান শিক্ষক রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী আসামির পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বলেন, মামলাটির পুলিশ রিপোর্ট জমা দেওয়ার আগ পর্যন্ত এই আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি জানান, আসামির বিরুদ্ধে অন্য কোনও মামলা না থাকায় আশা করছেন খুব শিগগিরই তিনি মুক্তি পাবেন।
তিনি আরও জানান, প্রথমে যে মোটরসাইকেলটি আটক করা হয়েছিল সেটির মালিক আসামি মো. রাকিব হোসেন। কিন্তু ঘটনার সময় ওই মোটরসাইকেলটি ব্যবহার করা হয়নি, বরং সেটি গ্যারেজে ছিল। ঘটনার সময় ব্যবহৃত আসল মোটরসাইকেলটি পরে উদ্ধার করা হয়। আইনজীবী দাবি করেন, আসামিকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে।
জামিন আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। আসামির কাছ থেকে ছিনতাইয়ের কোনও মালামাল উদ্ধার হয়নি এবং মিডিয়া ট্রায়ালের কারণে তাকে মামলায় জড়ানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট সকালে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী মো. আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ৩০ আগস্ট র্যাব-২ অভিযান চালিয়ে আসামিদের রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত ইয়ামাহা আর১৫ মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে ৩১ আগস্ট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।