জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করল বিএনপি

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনার ২০তম দিনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই প্রতিনিধি দলটি সভাস্থল ত্যাগ করে।

বৈঠকে সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব–নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল (অম্বুডসম্যান) নিয়োগসংক্রান্ত বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এ ছাড়া সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে একটি প্রস্তাবও আলোচ্যসূচিতে ছিল।

ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সাময়িক সময়ের জন্য বৈঠক বর্জন করেছি। আমাদের আপত্তি, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব এবং সেটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে। আমরা মনে করি, এটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি করতে পারে।

সালাহউদ্দিন বলেন, আমরা এমন তিনটি জায়গায় প্রস্তাব দিয়েছি, যাতে সংবিধান ও সংসদীয় ব্যবস্থায় স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিচার বিভাগের সংস্কার চলছে, যা সম্পূর্ণ বাস্তবায়ন হলে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। পাশাপাশি আমরা বলতে পারি, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হতে চলেছে।

তিনি আরও বলেন, এত রক্ষাকবচ থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগকে যদি কার্যকরভাবে কাজ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে সেটা সঠিক হবে না। জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করবে ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রয়োজনীয় কর্তৃত্বও থাকতে হবে।

বিএনপি মনে করে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে কমিটি গঠনের বদলে শক্তিশালী ও নিরপেক্ষ আইন প্রণয়নই হতে পারে উত্তম বিকল্প।

ওয়াকআউট নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমরা সাময়িকভাবে বৈঠক থেকে বের হয়েছি। তবে আলোচনার পরবর্তী পর্বে আবারও অংশ নিতে পারি, যাতে নিজেদের অবস্থান আরও পরিষ্কারভাবে তুলে ধরা যায়।

ঐকমত্য কমিশনের আলোচনা প্রক্রিয়া এখনও চলমান। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিতর্কিত বিষয়গুলো নিয়ে আগামী বৈঠকগুলোতে আরও সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন।

All Categories