জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়েছিল। খবর এএফপির।
জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ নিশ্চিত করে। সংস্থাটি সতর্ক করে জানায়, উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
আলজাজিরা জানিয়েছে, কয়েক দিনের ব্যবধানে এটি ওই অঞ্চলে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। এর মাত্র কিছুদিন আগে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় জাপান নিয়মিত ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। ২০১১ সালের ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি। এতে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।