জামিনে কারামুক্ত হওয়া সাবেক এমপি আজিজকে মারধর
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পেয়েই বিক্ষুব্ধ ছাত্র-জনতার রোষানলে পড়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ শহরের বড় পুল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে মুক্ত হয়ে আবদুল আজিজ কারাগার থেকে বের হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকা থেকে ছাত্র ও স্থানীয় জনতা সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হন। তিনি বের হওয়ার সঙ্গে সঙ্গেই বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে ফেলেন। একপর্যায়ে টানাহেঁচড়া ও মারধর করেন তাঁরা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার ধরে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। এ সময় তাঁকে ‘আওয়ামী লীগের দোসর’ বলেও গালি দিচ্ছেন তাঁরা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২৬ সেকেন্ডের একটি লাইভ করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক মুনতাসির মেহেদী হাসান। সেখানে তিনি বলেন, “আবদুল আজিজকে বড় পুল এলাকায় এনে জনসমক্ষে কথা বলতে বাধ্য করা হবে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জামিনে মুক্তির পর জনতা সাবেক এমপি আবদুল আজিজকে ঘিরে ধরে। পরে তাঁকে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।