জাম্বুরার খোসা দিয়ে তৈরি করুন সুস্বাদু মোরব্বা

জাম্বুরা খাওয়ার পর সাধারণত খোসা ফেলে দেওয়া হয়। তবে এই খোসা দিয়েই তৈরি করা যায় একটি মজাদার ডেজার্ট- জাম্বুরার খোসার মোরব্বা। নাম শুনে হয়তো অবাক হচ্ছেন, তিতা খোসা দিয়ে মোরব্বা কীভাবে? সঠিক পদ্ধতিতে রান্না করলে এই খোসা হয়ে উঠতে পারে মিষ্টি ও সুস্বাদু মোরব্বা।

জানেন কীভাবে বাড়িতে জাম্বুরার খোসার মোরব্বা তৈরি করবেন? প্রথমে জাম্বুরা লম্বালম্বিভাবে কেটে ভেতরের কোয়াগুলো আলাদা করে নিন। এরপর খোসার ওপরের সবুজ অংশটি সাবধানে ছুরি দিয়ে ছিঁড়ে ফেলুন। মোরব্বা তৈরির জন্য খোসার ভেতরের নরম গোলাপি অংশটুকুই ব্যবহার করতে হবে। খোসা ভালোভাবে ধুয়ে নিন। এরপর খেজুর কাঁটা বা কাঁটাচামচ দিয়ে খোসার ওপর হালকা হাতে এপাশ-ওপাশ করে ছোট ছোট ছিদ্র করে নিন। এতে খোসার তেতোভাব কিছুটা কমবে এবং সিরার স্বাদও ভেতরে ঢুকবে। এরপর পছন্দমতো চারকোনা বা ছোট ছোট টুকরো করে কেটে নিন।

খোসা ঠিকভাবে কেচানো হয়েছে কি না, তা বোঝার জন্য পানিতে ভিজিয়ে দেখতে পারেন। কেচানো খোসা পানিতে দিলে পানি শুষে নেবে এবং খোসার রং পরিবর্তিত হবে। এরপর কাটা খোসাগুলো পানিতে ভিজিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিন। কয়েকবার পানি বদলে ধুয়ে নিলে তেতোভাব আরও কমবে।

এবার একটি পাত্রে ২ কাপ পানি নিন। এতে পরিমাণমতো তরল দুধ দিয়ে জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে খোসাগুলো ঠান্ডা হতে দিন। এরপর পানি থেকে তুলে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। খোসায় যেন বাড়তি পানি না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

এখন অন্য একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। চুলায় বসিয়ে একবার ভালোভাবে ফুটে উঠতে দিন। সিরা ফুটে এলে সিদ্ধ করে রাখা জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন।

মাঝারি আঁচে খোসাগুলো নেড়ে নেড়ে সিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে খোসা সিরা শুষে নেবে। সিরা কমে এলে আঁচ আরও কমিয়ে দিন। এরপর স্প্যাচুলা দিয়ে আলতোভাবে চেপে চেপে নেড়ে খোসাগুলো শুকনো ও মোরব্বার মতো ঘন করে নিন। খোসাগুলো যখন সিরা শুষে নিয়ে মিষ্টি হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

All Categories