জামায়াতের প্রার্থী চূড়ান্ত, ১৩ সিটিতে নির্বাচনী প্রস্তুতি শুরু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী। যদিও নির্বাচন কমিশন (ইসি) এখনও দিনক্ষণ চূড়ান্ত করেনি, তবুও দলটি আগেভাগেই মাঠে নেমেছে। তৃণমূল নেতাকর্মীদের মতামত ও স্থানীয় সুপারিশের ভিত্তিতে ১৩টি সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে তারা।
ঢাকা উত্তরে জামায়াতের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম, রংপুরে এটিএম আজম খান, রাজশাহীতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, খুলনায় মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বার, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল এবং গাজীপুরে মুহাম্মদ হাফিজুর রহমানের নাম রয়েছে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে আ.খ.ম. আব্দুল মালেককে প্রার্থী করা হয়েছে।
জামায়াতের শীর্ষ নেতারা জানান, স্থানীয়ভাবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছে, যেখানে নবীন ও প্রবীণের সমন্বয় রয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, "আমরা যে ধরনের প্রার্থী দিচ্ছি, তারা ত্রুটির ঊর্ধ্বে এবং এই বৈশিষ্ট্য ধারণ করে। আশা করি, জনগণের মধ্যে আমাদের প্রার্থীদের ব্যাপারে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।"
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সাংগঠনিকভাবে প্রার্থীর ব্যাপারে একটি সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং সংগঠনের জনশক্তির মধ্যে এই সিদ্ধান্ত প্রচার করা শুরু হয়েছে।
নির্বাচনে জামায়াতের প্রস্তুতিতে রাজধানীর দুই সিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। নেতাদের আত্মবিশ্বাস রয়েছে যে, তাদের মনোনীত প্রার্থীরা জনগণের কাছে যোগ্য বিবেচিত হবেন।
তবে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি উদ্বেগও রয়েছে। বর্তমান প্রশাসকরা নির্বাচন পরিচালনায় যুক্ত হলে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক থাকবে কি না, তা নিয়ে জামায়াত উদ্বিগ্ন। হামিদুর রহমান আযাদ বলেন, "সরকার যদি আগেভাগেই প্রার্থীদের সুযোগ-সুবিধা তৈরি করে, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণা আর থাকে না। সরকার যেন এ বিষয় থেকে বেরিয়ে আসে।"