ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ২৭৫০ হামলার দাবি, হতাহত ১৪০০

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে দুই হাজার ৭৫০টিরও বেশি নির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সরকারের ভাষ্য, এসব হামলায় হুথিদের এক হাজার ৪০০-র বেশি যোদ্ধা হতাহত হয়েছেন।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এক বিবৃতিতে জানান, ‘ডন অব ইয়েমেন’ নামের সামরিক অভিযানের আওতায় হুথি নিয়ন্ত্রিত এলাকার গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষা ব্যূহ ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছে এবং অর্জিত সাফল্য ধরে রেখেছে। পূর্বনির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান চলছে।

গত রোববার ইয়েমেন সরকার এই অভিযানের ঘোষণা দেয়। হুথিদের দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারই এর মূল লক্ষ্য।

তবে হামলার সংখ্যা ও হতাহতের বিষয়ে সরকারের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

All Categories