ইউনূসকে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে : শেখ হাসিনা
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগসহ সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে না।
বার্তা সংস্থা এএফপিকে লিখিতভাবে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া (নির্বাচনের প্রস্তুতি নিয়ে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ভবিষ্যতের বিভাজনের বীজ বপন করছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি মনে করেন, “বাংলাদেশিদের প্রাপ্য পছন্দের সুযোগ দিতে ইউনূসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়াকে শেখ হাসিনা ‘আইনশাস্ত্রীয় রসিকতা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মামলার রায় ‘পূর্বনির্ধারিত’।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “ভয়াবহ সেই দিনগুলিতে হারিয়ে যাওয়া সমস্ত প্রাণের জন্য আমি শোক প্রকাশ করছি।