ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুুকোন, নাম উঠল হলিউড ওয়াক অফ ফেমে

ভারতীয় চলচ্চিত্রের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলেন দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো কোনো ভারতীয় তারকার নাম উঠল হলিউডের বিখ্যাত ‘ওয়াক অফ ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী।

শুক্রবার (২০ জুন) হলিউড ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল বিশ্বজুড়ে থেকে নির্বাচিত ১০০ প্রার্থীর মধ্য থেকে ৩৫ জনকে মনোনীত করে। পরে এই তালিকা অনুমোদন করে হলিউড চেম্বার অফ কমার্সের বোর্ড। দীপিকার সঙ্গে তালিকায় আছেন ডেমি মুর, এমিলি ব্লান্ট, র‍্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, ফ্রাঙ্কো নিরো এবং গর্ডন র‍্যামসের মতো আন্তর্জাতিক তারকারা।

এতদিন পর্যন্ত বলিউড তারকারা আন্তর্জাতিক পুরস্কার মঞ্চে উপস্থিতি বা প্রদর্শনীমূলক কার্যক্রমে অংশ নিয়ে নজর কাড়লেও, ‘ওয়াক অফ ফেম’-এর মতো স্থায়ী স্বীকৃতি ছিল অধরা। দীপিকার এই অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দক্ষিণ এশীয় শিল্প-সংস্কৃতির জন্য এক অনন্য অর্জন বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

২০১৭ সালে হলিউডে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে অভিষেক হয় দীপিকার। ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। যদিও এরপর হলিউডে আর কোনো ছবি না করলেও, আন্তর্জাতিক ফ্যাশন শো, চলচ্চিত্র উৎসব ও নানা আয়োজনের মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরেছেন গ্লোবাল আইকন হিসেবে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ‘টাইম’ ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির’ তালিকায় স্থান পান তিনি। বর্তমানে তিনি কাজ করছেন পরিচালক অ্যাটলির ৬০০ কোটি রুপির একটি মেগা প্রজেক্টে, যেখানে তাকে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে।

বলিউডে খান ও কাপুরদের প্রভাবের বাইরে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন দীপিকা। একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

All Categories