ইশরাকের পদত্যাগের গুঞ্জন: বিএনপির অভ্যন্তরে সঙ্গীদের চেনার সুযোগ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের গুঞ্জন এবং এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি উল্লেখ করেছেন, ইশরাকের পদত্যাগের গুঞ্জনের মধ্যে দলের ভেতরে থাকা যেসব সঙ্গী খুশি হয়েছেন এবং উল্লাস করেছেন, তাদের চেনার সুযোগ তৈরি হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হয়েছে, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হচ্ছে। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভূয়া।
হাসনাত আরও লেখেন, এখন আবার লিখতে হবে কেন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা ভালো হয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাককে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন এবং উল্লাস করেছেন।
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করা। পাশাপাশি, এই ‘মিডিয়া ক্যু’র পেছনে তার হাত আছে কি না, তা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।