ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে আর নৌকা নেই।

ইসির সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন?

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যমতে, বর্তমানে তফসিলভুক্ত নির্বাচনী প্রতীকের সংখ্যা ৬৯টি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসি। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে বলেও পরিকল্পনা রয়েছে।

এর আগে আদালতের আদেশে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটি আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না। ওয়েবসাইট থেকে প্রতীক সরানোর মধ্য দিয়ে নিবন্ধন স্থগিতের বাস্তব প্রতিফলন ঘটল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

All Categories