ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল এই সহায়তার কথা জানায়। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের বিষয়টি জানান।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। তারা ভোটার শিক্ষায় গুরুত্ব দেবে এবং কার্যকর পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিশেষজ্ঞ সহায়তা দিয়ে ইসির সক্ষমতা বাড়াতে কাজ করবে।
তিনি জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা চলবে। আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে, যা পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। তারা যাচাই করে দেখবে পূর্ণাঙ্গ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কি না।
বাংলাদেশে নির্বাচন আয়োজনে স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকাই ইইউর লক্ষ্য বলে জানান মাইকেল মিলার।