ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও মজবুত হচ্ছে
ইরান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে মজবুত করতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠক করেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা অতীত ভুলে ভবিষ্যতের দিকে নজর দিতে এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি সাধারণ সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছেন। উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো। ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ইরানের সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় এবং ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায়।