হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের পর

ঢাকার আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তিনি আগে রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলায় জামিন পেয়েছিলেন।

রবিবার (৪ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে শুনানির সময় হাবিবুল আউয়ালকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন, অন্যদিকে আইনজীবী তাপস চন্দ্র দাস গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়।

হাবিবুল আউয়ালের আইনজীবী তাপস চন্দ্র দাস জানান, তার মক্কেলের বিরুদ্ধে পূর্বে একটি মামলা ছিল এবং ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। জামিননামা জমা দেওয়ার পর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

গত বছরের ২৫ জুন মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ২৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৯ সেপ্টেম্বর তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান।

গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান রুবেল হত্যা মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে এ আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রুবেলসহ কয়েকশ’ ছাত্র-জনতা ঢাকার আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এ সময় পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুলি চালান বলে অভিযোগ করা হয়েছে।

রুবেল গুলিবিদ্ধ হলে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুবেল হত্যার ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম।

All Categories