হলিউডে পা রাখতে চলেছেন শাকিব খান
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবার নাম লেখাতে যাচ্ছেন হলিউডে। একটি ক্রাইম-থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁর।
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর সম্প্রতি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসিফ আকবর বলেন, এই মুহূর্তে নতুন একটি সিনেমার পাণ্ডুলিপির কাজ করছি। সেখানে প্রধান চরিত্রে থাকছেন শাকিব খান।
নির্মাতা জানান, সিনেমাটিতে দুটি নায়িকা চরিত্র থাকছে—একটিতে অভিনয় করবেন বাংলাদেশের একজন অভিনেত্রী, অন্যটিতে থাকবেন হলিউডের একজন শিল্পী। পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা যাবে হলিউডের পরিচিত মুখকে। তবে নায়িকা ও খলনায়কের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী মাসের শুরুতেই সিনেমার কাস্টিং চূড়ান্ত হবে বলে জানান নির্মাতা। আর ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
‘অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’ ও ‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণের পাশাপাশি বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ অবলম্বনে ‘এমআর–নাইন’ সিনেমার পরিচালনাও করেছেন আসিফ আকবর।