হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে মাফ করা হবে না: মির্জা ফখরুল

২০২৪ সালের জুলাই–আগস্টের আন্দোলনে গুলি করে মানুষ হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার অভিযোগ সামনে এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন“হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। আমাদের প্রথম কাজ হবে, এদের বিচার করা।” দ্বিতীয় কাজ হলো আন্দোলনে পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যারা আহত হয়েছেন, তাঁদের পুনর্বাসন করতে হবে।

রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধির পাশে এক স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানের শিরোনাম ছিল‘গণ–অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’।

এসময় মির্জা ফখরুল বলেন, “ বিএনপির পক্ষ থেকে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে একটি ফান্ড গঠন করা হবে। ফান্ড সংগ্রহে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যেই কাজ শুরু করেছেন—‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে।”

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির লক্ষ্য একটি ‘রেইনবো স্টেট’—যেখানে থাকবে বহুমাত্রিক মতের সহাবস্থান। তিনি বলেন, “ভিন্নমত থাকবে, গণতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকবে—এই বৈচিত্র্যকে নিয়ে গড়ে তুলতে হবে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ।”

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব যে আজকের ‘সংস্কার’ আলোচনার চেয়েও অনেক আগে, ২০২২ সালেই ঘোষণা করা হয়েছিল—তাও তুলে ধরেন তিনি।

All Categories