হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪২৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ৪০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ জন শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। মোট ১ হাজার ৪২৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১১৬ জনের।

All Categories