রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন একটি পুকুর থেকে ১৮ বছর বয়সী রাফসান বিন আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর শাহ মখদুম ইনস্টিটিউট লাইব্রেরির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাফসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রাফসান আর ফেরেননি। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন তিনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাফসান নিয়মিত ওই মাঠে খেলাধুলা করতেন এবং তিনি সাঁতার জানতেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার সকালে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

All Categories