মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বাস কাউন্টারের ভেতরে ঢুকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন (৩৮) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে রয়েল এক্সপ্রেসের কাউন্টারে এ ঘটনা ঘটে। নিহত শাকের ওই কাউন্টারের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

নিহত শাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের কুতুবউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাস টার্মিনালে আসেন। তাদের মধ্যে একজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। অন্যজন রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে প্রবেশ করে শাকের হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে দুজনই দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

গুলিবিদ্ধ হয়ে কাউন্টারের ভেতরেই মাটিতে লুটিয়ে পড়েন শাকের। প্রথমে সেখানে থাকা লোকজন স্ট্রোক করেছে বলে ধারণা করেন। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. মাইনুল হাসান জানান, প্রথমে স্ট্রোকের বিষয়টি সন্দেহ করা হলেও পরীক্ষা-নিরীক্ষায় শাকের হোসেনের মাথার পেছনে গুলির ক্ষত পাওয়া যায়। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে বিশেষজ্ঞ দল কাজ করছে। তদন্তের অগ্রগতির পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

এদিকে যুবদল নেতাকে হত্যা অভিযোগে এবং অত্যাচারীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে তাদের কর্মী ও এলাকাবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

All Categories