নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা ১৪
নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে আরপি পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে বাসটি বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের ৯ জন যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়কের ওপর পড়ে থাকায় নাটোর-পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি সামাল দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।