‘গুলমোহর’–এ নতুনরূপে ফিরছেন সারিকা সাবাহ

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’, যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহকে।

আট পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। মুক্তি পাচ্ছে আগামী ১৫ মে।

ওয়েব সিরিজে আগেও অভিনয় করলেও ‘গুলমোহর’ সিরিজকে নিজের জন্য বড় ক্যানভাসের কাজ বলে উল্লেখ করেছেন সারিকা।তিনি বলেন, এটি মূলত একটি পারিবারিক সমস্যার গল্প। আমার অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু বলতে চাই না, তবে আমি খুব আশাবাদী। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সিরিজটি নিয়ে। অবশেষে এটি মুক্তি পাচ্ছে, অপেক্ষার প্রহর ফুরালো।

‘গুলমোহর’–এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবাহ বলেন, ‘শাওকী ভাইয়ের সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ বরাবরই ছিল। শুটিংয়ের পুরো জার্নিটাই আমার জন্য ছিল শেখার মতো। এখানে অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি। চরিত্রটি আমার নিজের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড। এর মধ্যে নানা রকম বাঁক আছে। ওজন কমাতে হয়েছে। অভিনয় করতে গিয়ে বুঝিনি, কাজটি এতটা চ্যালেঞ্জিং হবে। কাজ শেষ করে যখন মনিটরে নিজেকে দেখি, মনে হয়েছে কিছু একটা করেছি।

তিনি আরও বলেন, এ সিরিজটির মাধ্যমে দর্শক একেবারে নতুন এক সারিকা সাবাহকে দেখতে পাবেন। নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন, আমিও চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।

বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় না করলেও নাটকে ফিরে আসার কথা জানিয়েছেন সাবাহ। হাতে থাকা কয়েকটি চিত্রনাট্য যাচাই–বাছাই করছেন তিনি।

সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘দুই জোনাকির গল্প’, ‘ঈদ কার্ড’ ও ‘মি অ্যান্ড মাই এক্স’ নাটকে। এসব নাটকে তাঁর বিপরীতে ছিলেন সোহেল মণ্ডল, জোভান ও তৌসিফ মাহবুব। নাটকে না থাকলেও বিজ্ঞাপনে সরব রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রচার হওয়া শঙ্খ দাশগুপ্তর নির্দেশিত ‘ভিম লিকুইডার’ এবং সাবরিনা আইরিনের ‘বিকাশ’–এর বিজ্ঞাপন দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান তিনি।

মুহম্মদ মোস্তাফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের ‘ঝুমুর’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন সারিকা। সে চরিত্রের পর থেকেই অনেকে তাঁকে ‘ঝুমুর’ নামেই চেনেন।

অভিনয়ে জনপ্রিয়তার চেয়ে ভালো গল্প ও চরিত্র বেছে নিতে চান তিনি। সারিকার ভাষায়, ‘আমি জনপ্রিয়তার মোহে গা ভাসাতে চাই না। কাজের মধ্য দিয়েই দর্শকের মনে থাকতে চাই।

All Categories