গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল
গাজায় দুই বছর ধরে চলমান যুদ্ধের ভয়াবহতায় নিহতের সংখ্যা বাড়ছে দিন দিন। গাজার সরকারি গণমাধ্যম অফিসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার শিশুসহ ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় এখন শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয়। ইসরায়েলি অবরোধে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
সংস্থাটি জানায়, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। তবে এসব আশ্রয়কেন্দ্রও রক্ষা দিতে পারছে না; ইসরায়েলি হামলায় অনেক শিশু ও নারী সেখানে প্রাণ হারাচ্ছে। ইউএনআরডব্লিউএ স্পষ্ট জানায়, “গাজায় শিশুদের জন্য আর কোনো স্থানই নিরাপদ নয়। এখনই যুদ্ধবিরতি চাই।”
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে আক্রমণ শুরু করার পর থেকে গড়ে প্রতি মাসে ৫৪০ জনের বেশি শিশু নিহত হচ্ছে।
এদিকে, রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে নতুন করে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে হামাস। কাতার ও মিশরের মধ্যস্থতায় দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব তারা অনুমোদন করেছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। হামাস বলেছে, তারা ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক বার্তা পাঠিয়েছে।
তবে হামাস দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হলেও, ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং চ্যানেল ১২ নিশ্চিত করেছে, তারা হামাসের প্রতিক্রিয়া পেয়েছে।
সূত্র: আল-জাজিরা