গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সায়েন্সল্যাবে বিক্ষোভ
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে সড়কজুড়ে প্রতিবাদের মুখর পরিবেশ তৈরি হয়।
বিক্ষোভকারীদের তিনটি মিছিল সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্টার টেক নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এক কর্মী বলেন, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর এ বর্বরোচিত হামলা মানবতাকেও প্রশ্নবিদ্ধ করছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় সেই মানবতা, কোথায় সেই নৈতিকতা?
বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন। কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
সকাল ১১টা ২৫ মিনিটে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব এলাকায় উপস্থিত হন। তারা জানান, কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে তারা সেখানে পৌঁছান।
শিক্ষার্থীরা বলেন, “ইসরায়েলি বাহিনী গাজায় নির্মমভাবে মানুষ হত্যা করছে। এটি আমাদের সকলকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। আমরা চাই, বিশ্ববাসী দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিক।”
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ একটি বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করছেন।