ফুল আর কুড়াল নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’

চলচ্চিত্র ‘ইনসাফ’-এ তাসনিয়া ফারিণের লুক প্রকাশ পেয়েছে। এক হাতে রক্তাক্ত কুড়াল, আরেক হাতে গোলাপ চেহারায় গম্ভীরতা ও চিন্তার ছাপ। রোববার সন্ধ্যায় প্রকাশিত পোস্টারে এমনভাবেই হাজির হয়েছেন অভিনেত্রী। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।

এই পোস্টারের মধ্য দিয়ে মূলধারার বাণিজ্যিক সিনেমায় ফারিণের আগমনের ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেজেও পোস্টারটি শেয়ার করেছেন তিনি।

এর আগে, গত ৪ মে ‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিমের লুক প্রকাশ করা হয়। সেখানে ভয়ংকর এক চিকিৎসকের চরিত্রে দেখা যায় তাকে। তারও আগে শরীফুল রাজের একটি রক্তস্নাত পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার।

তিনটি পোস্টারেই ধরা পড়েছে একধরনের রহস্য ও উত্তেজনার আবহ। ধারণা করা হচ্ছে, ‘ইনসাফ’ হতে যাচ্ছে অ্যাকশন ও থ্রিলার ঘরানার একটি সিনেমা।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবকিছুর মিশেল থাকবে। ঈদের ছবি হিসেবে নির্মিত হলেও গল্পের আবেগ ও বাস্তবতা ঠিক রেখে সাজানো হয়েছে।

‘ইনসাফ’ সিনেমায় তাসনিয়া ফারিণকে দেখা যাবে ‘জাহান’ চরিত্রে। পরিচালক জানান, গল্পে এমন কিছু বিষয় রয়েছে, যা দেখে বোঝা যাবে, এটি বাংলাদেশেরই ছবি।

বর্তমানে চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।  

All Categories