ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলনকে ‘ইসলামের দখলচেষ্টা’ বললেন ট্রাম্প

ফ্রান্সে চলমান শিক্ষার্থী আন্দোলনকে মুসলিমদের দেশটি দখলের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, লাগামহীন অভিবাসনের কারণেই ফ্রান্সে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ফ্রান্সে যা ঘটছে তা নিয়ন্ত্রণহীন গণ-অভিবাসনেরই ফল। তার ভাষায়, এটি স্কুল বা শিক্ষার্থীদের বিষয় নয়, বরং ইসলামের বিষয়—যা একসময়ের মহান দেশ ফ্রান্সকে দখল করতে চাইছে।

অথচ শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট এবং শিক্ষাখাতে বরাদ্দ কমানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে রাস্তায় নেমেছেন ফ্রান্সের শিক্ষার্থীরা। দেশটির বিভিন্ন শহরে প্রায় দুই হাজার স্কুল অবরোধ করেছেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—অনুপস্থিত শিক্ষকদের অপসারণ, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ক্লাসের সময়সূচি পুনর্বিবেচনা, দুপুরের খাবারের বিরতি বাড়ানো, পুরোনো স্কুল ভবন সংস্কার এবং শিক্ষা বাজেট কাটছাঁটের পরিকল্পনা থেকে সরে আসা।

আন্দোলন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে ফরাসি সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু শিক্ষার্থীদের দাবি পূরণে উদ্যোগ নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত আগস্টে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ‘জিহাদি’ বলে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। মিশিগানের প্রাইমারিতে মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ দলীয় মনোনয়ন পাওয়ার পর ওই মন্তব্য আসে বলে ধারণা করা হয়।

অধিকারকর্মীদের মতে, নভেম্বরের নির্বাচনের আগে ডানপন্থি ভোটারদের মন জয়ে রিপাবলিকান নেতাদের এমন বক্তব্য দেশটিতে ইসলামবিদ্বেষ আরও উসকে দিচ্ছে।

All Categories