‘ফায়ার’ সিনেমা থেকে কেন সরে দাঁড়িয়েছিলেন মান্না, ভিডিওতে মিলল উত্তর
নায়িকা পলি অভিনীত প্রথম সিনেমা ‘ফায়ার’। ২০০২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তাকে প্রয়াত মান্নার বিপরীতে দেখা যায়। মুক্তির পর সিনেমাটির অশ্লীল দৃশ্য থাকার অভিযোগ ওঠে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন নায়ক ও নায়িকা উভয়েই।
ছবিটি মুক্তির ২৪ বছর পর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে মান্নার বক্তব্য উঠে এসেছে। তিনি জানান, ছবিটির অর্ধেক কাজ করার পর তিনি সরে দাঁড়ান এবং ডাবিংও করেননি।
প্রযোজকের সঙ্গে মনোমালিন্যের কারণে ছবিটি থেকে সরে দাঁড়ানোর কথাও জানান মান্না। তবে ঠিক কোন ঘটনার কারণে সেই দ্বন্দ্বের শুরু, ভিডিওতে তার বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
মান্না বলেন, ‘ফায়ার’ ছবিতে অর্ধেক কাজ করার পরে আমি আর কাজ করিনি। এমনকি আমি সিনেমায় ভয়েসও দিইনি। আমি ডাবিংও করিনি।’
ভিডিওতে মান্না অশ্লীল দৃশ্যে অভিনয়ের অভিযোগও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘পুরো সিনেমায় আমার কো–আর্টিস্ট বা অন্য শিল্পীরা এবং ডিরেক্টর, প্রযোজক কী করছেন, সেটা আমার যাচাই করা সম্ভব নয়। তবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি কোনও অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি।’
‘ফায়ার’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন মোহাম্মদ হোসেন। এদিকে, মান্না বরাবরই চলচ্চিত্রের অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন এবং সেই সময় রাজপথেও তাকে দেখা গেছে।