ফাকুন্দো বার্নালকে চার ম্যাচ নিষিদ্ধ, ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারার জন্য শাস্তি
মাঠের উত্তেজনা এবার শাস্তির পর্যায়ে পৌঁছেছে। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেছেন রিয়াল বেতিসের মিডফিল্ডার ফাকুন্দো বার্নাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) ডিসিপ্লিনারি কমিটি তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
গত শনিবার বার্সেলোনা ও বেতিসের ম্যাচে এই ঘটনা ঘটে। মাঠে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজের সঙ্গে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ইয়ামাল। কিন্তু এতে নতুন করে সংঘাত শুরু হয় বার্নালের সঙ্গে। একপর্যায়ে ইয়ামালকে শারীরিকভাবে আক্রমণ করেন বার্নাল। রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
ডিসিপ্লিনারি কমিটি ঘটনাটিকে শৃঙ্খলাবিধির আওতায় ‘আক্রমণাত্মক আচরণ’ হিসেবে বিবেচনা করেছে। রেফারির ম্যাচ রিপোর্ট এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধির ১০৩ নম্বর ধারা অনুসারে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় প্রতিপক্ষকে আঘাত না করে শারীরিকভাবে আক্রমণ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ম্যাচের ৫৪ মিনিটে বার্নালের লাল কার্ড দেখার ঘটনা রেফারি রিকার্দো দে বুর্গোস বেনিগোইচিয়ার প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বল খেলার বাইরে থাকা অবস্থায় বার্নাল প্রতিপক্ষের ঘাড়ে হাত দেন এবং পরপর দুবার মুখে মাথা দিয়ে গুঁতো মারেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরই ঘটনার সূত্রপাত ঘটে। বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ মাটিতে পড়ে গেলে তাকে টেনে তোলার চেষ্টা করেন বেতিসের গোলকিপার আলভারো ভায়েস। মাটিতে পড়ে থাকা সতীর্থের পাশে এগিয়ে যান ইয়ামাল। এরপরই তার সঙ্গে বার্নালের বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বার্নাল ইয়ামালকে শক্ত করে চেপে ধরেন। পরে দুজনের মুখোমুখি অবস্থায় ইয়ামালকে মাথা দিয়ে গুঁতো মারেন বার্নাল। ঘটনাটি দেখে রেফারি সঙ্গে সঙ্গে তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে ম্যাচের বাকি সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় বেতিসকে।
লাল কার্ডের পর এবার চার ম্যাচের নিষেধাজ্ঞাও পেলেন বার্নাল। শাস্তির কারণে আগামী ম্যাচগুলোতে তাকে ছাড়াই দল সাজাতে হবে বেতিসকে।