এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ৯৩১ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশজুড়ে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হচ্ছে। চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গ্রীষ্মকালীন বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। তবে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রভেদে দূরত্ব কিছুটা কমবেশি হতে পারে।
পরীক্ষার্থী কমেছে এক লাখের কাছাকাছি
দুদকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কমেছে। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এবার তা নেমে এসেছে ১৯ লাখ ২৮ হাজারে। সংখ্যায় কমেছে ৯৫ হাজার ২২২ জন।গত পাঁচ বছরে এবারই সবচেয়ে কম পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।
ঢাকায় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষেধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা দিয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এই এলাকায় কেবল পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন।