এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়ার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের দপ্তর সেলে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
রাফিদ এম ভূঁইয়া বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি জমা দিয়েছি।
তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এনসিপি।
পদত্যাগের পরদিন শুক্রবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন রাফিদ, যেখানে তিনি উত্তরায় আওয়ামী লীগের একটি মিছিল নিয়ে মতামত প্রকাশ করেন।
পোস্টে তিনি দাবি করেন, এয়ারপোর্ট এলাকায় যে মিছিল হয়েছে, সেটি ঠেকাতে আমরা গত কয়েক মাস ধরে কাজ করছিলাম। এমনকি রাতে গ্রাফিতি আঁকার মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদেরও শনাক্ত করা হয়েছে। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল আসেনি।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতার ঘাটতির পাশাপাশি উত্তরবঙ্গের দুই প্রভাবশালী নেতা ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক পদক্ষেপ ব্যাহত করেছেন। তাদের একজনকে ‘অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট’ বলে উল্লেখ করেন তিনি।
ফেসবুক পোস্টে রাফিদ আরও লেখেন, “লোকাল অপরাধী চক্রদের পুনর্বাসনে অর্থ ব্যবহৃত হচ্ছে, সেই অর্থ দিয়ে ঈদে গরিবদের বাজার করিয়ে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, একটি অপহরণ মামলায় আটক এক ব্যক্তিকে ছাড়াতে স্থানীয় এক সংগঠনের নেতা, ওই দুই নেতার একজনের নাম ব্যবহার করে তদবির করেন।
রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেওয়া এই পোস্ট নিয়ে এনসিপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।