একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা

একদিনে বিশ্বের তিন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। এছাড়া জাপানে ৬ দশমিক ৯ এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমার থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে ভেনেজুয়েলার ট্রুহিলো, কারাবোবো, মিরান্ডা ও লা গুয়াইরা রাজ্যসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি এলাকায় ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানা এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসাবে, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছানোর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ।

সংস্থাটি বলেছে, ওই এলাকার অনেক ভবন রিইনফোর্সড ইট ও মাটির ব্লক দিয়ে তৈরি। ফলে শক্তিশালী কম্পনে ভবন ধসে হতাহতের ঝুঁকি বেশি।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, ক্ষয়ক্ষতির কারণে মাইকেতিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের ক্লাস বাতিল, মেট্রো ও রেলসেবা স্থগিত এবং জরুরি নয়—এমন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলেও ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, কোনো পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি (জেআর ইস্ট) শিন-আওমোরি ও টোকিওর মধ্যে চলাচলকারী বুলেট ট্রেন পরিষেবা সাময়িক বন্ধ করে দেয়।

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বুধবার ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে রেডউড ভ্যালি থেকে প্রায় ৭ মাইল উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পের কম্পন উত্তরাঞ্চলের ইউরেকা থেকে দক্ষিণ-পূর্বের স্যাক্রামেন্টো পর্যন্ত অনুভূত হয়েছে। উপকেন্দ্রের কাছাকাছি থাকা বাসিন্দারা কম্পনকে শক্তিশালী বলে জানিয়েছেন।

‘পাওয়ারআউটেজ ডটকম’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর মেন্ডোসিনো কাউন্টির প্রায় ৭ হাজার ৪০০ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

এদিকে, উত্তর ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দাদের ফোনে ‘শেকঅ্যালার্ট’ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এটি ইউএসজিএসের একটি ব্যবস্থা, যা ভূমিকম্প শনাক্ত করে দ্রুত সতর্কতা পাঠায়।

ইউসি বার্কলে সিসমোলজি ল্যাবের মাইশেক অ্যাপের ব্যবস্থাপক সুরেশ রমন বলেন, ভূমিকম্পের পর অ্যাপটি দ্রুত কাজ করে বিপুলসংখ্যক মানুষকে সতর্ক করতে সক্ষম হয়েছে।

সূত্র: সিএনএন, আল জাজিরা, বিবিসি

All Categories