একাডেমিয়া-শিল্প সহযোগিতায় বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নয়ন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত একাডেমিয়া ও শিল্পক্ষেত্রের সহযোগিতা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। দেশের ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে গত আট মাসে এ বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং এক হাজার পাঁচশোরও বেশি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল আয়োজিত ‘‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’’ শীর্ষক সেমিনারে অধ্যাপক ড. মামুন এসব তথ্য তুলে ধরেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘‘টেকসই ভবিষ্যতের জন্য জ্ঞান ও শিল্পের মধ্যে সেতুবন্ধন।’’

অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের সংযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ইউজিসি কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোকে সম্পৃক্ত করে এগিয়ে নেয়া হচ্ছে। তবে শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করেই কাজ শেষ নয়, এগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সাথে মিলিয়ে নিতে হবে। বর্তমানে অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা ডিগ্রি পেলেও প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জনে পিছিয়ে থাকেন। এই ফাঁক পূরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. মামুন শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও বাস্তব প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘‘এগুলো শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা দেবে এবং চাকরির বাজারে তাদের প্রতিযোগিতামূলক করবে।’’

অধ্যাপক ড. মামুন আরও বলেন, শিল্প প্রতিনিধিদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নিয়মিত আপডেট করতে হবে যাতে দক্ষ মানবসম্পদ তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন শিল্পে প্রয়োগযোগ্য হয়। যৌথ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি লিয়াজোঁ সেল গঠন এবং নিয়মিত চাকরির মেলা আয়োজনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে। স্নাতক পর্যায়ে তিন থেকে ছয় মাস বেতনসহ ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও সফল হলে শিক্ষার কর্মমুখী হওয়া এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

অধ্যাপক ড. মামুন বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু চাকরিপ্রার্থী তৈরি নয়, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। একাডেমিয়া ও শিল্পের কার্যকর অংশীদারিত্ব থাকলে নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্প উৎপাদন বৃদ্ধি ও জাতীয় অর্থনীতি উন্নয়নে সহায়তা হবে।’’

সেমিনারের সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর এবং বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর।

All Categories