বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নতুন কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ও শপথ গ্রহণ করেছে, যেখানে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ে সংগঠনকে আরও দক্ষ ও প্রাসঙ্গিক করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই অনুষ্ঠানে সমিতির নতুন ওয়েবসাইটের উদ্বোধনও করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লায় গাজীছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।
অনুষ্ঠান শুরু হয় ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে। নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন, এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রাকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর তিনি সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। নবনির্বাচিত নেতারা ইমাম-ওলামাদের ঐক্য দৃঢ় করা, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতি ও সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা নেওয়ার অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরায়রা বলেন, “ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কাজে তাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। ধর্মীয় নেতৃত্বের সীমানা পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের অবদান থাকতে হবে।”