ঈদে আসছে ‘হাইড অ্যান্ড সিক’, ভিন্নধর্মী চরিত্রে দীঘি
গত ঈদে ‘জংলি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। ঈদ উপলক্ষে দীপ্ত প্লে-তে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হাইড অ্যান্ড সিক, যেখানে রাশা চরিত্রে দেখা যাবে দীঘিকে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন পরিচালক মাহমুদুর রহমান হিমি। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।
গল্পের মূল আবহে রয়েছে জীবন-মৃত্যুর দোলাচল। জনপ্রিয় চিত্রনায়ক ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতে দুর্ঘটনায় পড়ে এক তরুণী, রাশা। কেউ কেউ দাবি করে, এটি নিছক দুর্ঘটনা নয়—রাশা আসলে আত্মহত্যার চেষ্টা করেছিল। কারণ, ইমতিয়াজের সঙ্গে তার ছিল গোপন সম্পর্ক।
ঘটনার গভীরে ঢোকার চেষ্টা করেন বিনোদন সাংবাদিক নাদিয়া। কিন্তু প্রশ্ন তুলতেই তার ওপর নেমে আসে হুমকি, এমনকি মৃত্যুর ভয়ও। একসময় নাদিয়া বুঝতে পারেন, দৃশ্যমান ঘটনাগুলোর পেছনে রয়েছে আরও গভীর রহস্য। প্রতিটি চরিত্র যেন কোনো না কোনোভাবে লুকোচুরি খেলছে বাস্তবতার সঙ্গে।
ওয়েব ফিল্মটিতে রাশা চরিত্রে অভিনয় করেছেন দীঘি। চরিত্রটি নিয়ে দীঘি বলেন, এটি একেবারেই আলাদা ধাঁচের চরিত্র। একজন রাশা হিসেবে নিজেকে আবিষ্কার করেছি নতুনভাবে। সমাজে এমন অনেক বিষয় ঘটে, যা প্রকাশ্যে আসে না—ফিল্মে সেসবই উঠে এসেছে। এটি আমার অভিনয়জীবনের চ্যালেঞ্জিং একটি কাজ।
থ্রিলারধর্মী এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ।