এডিবির সঙ্গে ২৭ কোটি ৫০ লাখ ডলারের দুই ঋণচুক্তি সই করল সরকার
বাংলাদেশ সরকার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সঙ্গে দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ২৭ কোটি ৫০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া, প্রায় ২৭ লাখ ডলারের একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং এসব চুক্তি স্বাক্ষর করেন। এ সময় এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় একটি প্রকল্প হলো ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট, যেখানে এডিবি ১০ কোটি ডলার ঋণ দেবে। এই প্রকল্পটি নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসনে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে। অপর প্রকল্পটি সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নামে পরিচিত, যেখানে এডিবি ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ডলারের অনুদান দেবে। এই প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অনগ্রসর জনগণের জন্য বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ অবকাঠামোর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। ঋণ পরিশোধের জন্য পাঁচ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় প্রকল্পের অনুদান অংশটি এডিবি পরিচালিত জাপান ফান্ড ফর প্রসপেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (জেএফপিআর) থেকে দেওয়া হবে।