এবার উদিত নারায়ণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা !
আবারো আলোচনায় ভারতের বর্ষীয়াণ সংগীতশিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি একটি কনসার্টে এক নারীকে চুম্বন করার ঘটনা নিয়ে তিনি বিতর্কের শীর্ষে চলে আসেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই, এবার তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ মামলায় জড়িয়ে পড়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রঞ্জনা ঝা অভিযোগ করেছেন যে, তাকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজির হন উদিত নারায়ণ।
তবে গায়ক নিজেও পাল্টা অভিযোগ এনে দাবি করেছেন যে, রঞ্জনা তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এটি প্রথম ঘটনা নয়, এর আগে একই বিষয়ে উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
বিহারের নারী কমিশনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, যা পরবর্তীতে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয়। আদালতের নথি অনুযায়ী, উদিত নারায়ণ তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা খোরপোশ দিতেন, যা ২০২১ সালে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এছাড়া, তিনি রঞ্জনাকে কৃষি জমি, ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লাখ টাকার গয়না উপহার দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে যে, রঞ্জনা সেই গয়না বিক্রি করে দিয়েছেন।
এদিকে, আদালতের বাইরে রঞ্জনা ঝা সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন যে, উদিত নারায়ণ তাকে উপেক্ষা করছেন এবং তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লাখ টাকা নিজে রেখেছেন। আরও গুরুতর অভিযোগ হিসেবে তিনি জানান, মুম্বাই যাওয়ার সময় তার পেছনে দুষ্কৃতিকারী পাঠাতেন উদিত নারায়ণ। এই নতুন মামলা কীভাবে সমাধান হবে, তা এখনো অনিশ্চিত। তবে উদিত নারায়ণের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক নতুন করে নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।