দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ সব মন্ত্রণালয় ও বিভাগে
সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া সভাটি সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশগ্রহণ করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে দুদককে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে নির্দেশ দেন।
দুদক সূত্র জানায়, শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ে চিঠি পাঠানো হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য দুদকের পক্ষ থেকে সহায়তার কথা জানানো হয়েছে।