দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব—বিবিসিকে তারেক রহমান

দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমকে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। এতে তিনি আগামী জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, দলীয় কৌশল, বিচার ও নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতিসহ নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন।

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। প্রকাশিত অংশটি সাক্ষাৎকারের প্রথম পর্ব।

সাক্ষাৎকারে দেশে না ফেরার কারণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন,

“কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”

দেশে ফেরার নির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন,

“দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”

আগামী নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন আর রাজনীতি পরস্পর সম্পর্কিত। জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চায়, সেই নির্বাচনের সময় আমি জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।”

দেশে না ফেরার পেছনে নিরাপত্তাজনিত শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,

“বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো নানা শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।”

 

All Categories