‘ডন ৩’ আনছে বড় চমক, ১৫বছর পর বড় পর্দায় ফের জুটি বাঁধবেন শাহরুখ - প্রিয়াঙ্কা?

বলিউডে ফিরছে জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডন ৩’। পরিচালনায় ফারহান আখতার। মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর সিং ও কিয়ারা আদবানিকে।

তবে ছবিটি ঘিরে সবচেয়ে বড় জল্পনা—এই সিনেমার হাত ধরে দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফারহান আখতার ইতিমধ্যে শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে শুনে শাহরুখ নাকি তাতে অভিনয়ের বিষয়ে সম্মতিও দিয়েছেন।

বর্তমানে নিজের পরবর্তী সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ, তবে ফারহানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই তিনি ‘ডন ৩’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার ফেরার সম্ভাবনাও রয়েছে। যদিও এ নিয়ে পরিচালক ফারহান আখতার প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছেন কি না কিংবা প্রিয়াঙ্কা রাজি হয়েছেন কি না—তা এখনও নিশ্চিত নয়।

‘ডন ৩’ তৈরির পরিকল্পনা অনেক আগেই ছিল। তবে শাহরুখের জায়গায় রণবীর সিংকে নেওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রণবীর।

অন্যদিকে, সিনেমার নায়িকা কিয়ারা আদবানির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিনেমার কাজ স্থগিত করা হয়। সব মিলিয়ে পিছিয়ে যায় চূড়ান্ত শ্যুটিংয়ের দিনক্ষণ।

প্রস্তুতি এখন নতুন করে শুরু হচ্ছে। ছবির শ্যুটিং শুরুর সম্ভাব্য সময় জানানো হয়েছে আগামী বছরের প্রথম ভাগে।

‘ডন’ চরিত্রটির জন্ম ১৯৭৮ সালে, সেলিম-জাভেদ জুটির চিত্রনাট্যে। তখন এই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।

২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’-এ শাহরুখ খানকে নিয়ে নতুনভাবে শুরু হয় এই ফ্র্যাঞ্চাইজি। ছবিটি সুপারহিট হলে ২০১১ সালে মুক্তি পায় সিকুয়েল ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’।

এরপর থেকেই ‘ডন ৩’–এর জন্য অপেক্ষা করছিলেন দর্শকেরা। দীর্ঘ বিরতির পর এবার সেই প্রত্যাশা পূরণের পথে।

All Categories