ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের একমাত্র জনপ্রিয় দল বিএনপি এবং সরকারে থাকা অনেকেই স্বীকার করেন, ডিসেম্বরেই নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে মোশাররফ বলেন, এই সরকারকেও একসময় সম্মানের সঙ্গে বিদায় নিতে হবে। ডিসেম্বরেই নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানজনকভাবে সরে দাঁড়াতে পারবে তারা। এর থেকে সম্মানের কিছু হতে পারে না। কিন্তু বিলম্ব হলে ষড়যন্ত্রের জালে জড়াবে তারা, তখন নির্বাচন কবে হবে—তা অনিশ্চিত হয়ে যাবে।
তিনি বলেন, ফেব্রুয়ারি-মার্চে রোজা ও ঈদ, এপ্রিল-মে মাসে পাবলিক পরীক্ষা আর জুনে বর্ষা—তাই ডিসেম্বর ছাড়া নির্বাচন উপযুক্ত সময় আর নেই।
নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা আগামীকাল আবার ডেকেছেন সংস্কার নিয়ে আলোচনা করতে। ন্যূনতম ঐকমত্য তৈরি হলে নির্বাচনের পথে যাওয়া উচিত।
সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের প্রসঙ্গ টেনে মোশাররফ বলেন, ‘তিনি যা বলেছেন, তাতে বিএনপি হতাশ। বলা হচ্ছে, একমাত্র বিএনপিই নাকি নির্বাচন চায়। কিন্তু আমরা যুক্তিসহ বলেছি, সবাই চায় নির্বাচন। অন্যদের যুক্তি কী, সেটাও জাতির সামনে তুলে ধরা উচিত।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।