ঢাকার নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিলেন ট্রাম্প
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নাম মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রথমে প্রার্থী মনোনয়ন দেন। এরপর তা অনুমোদনের জন্য পাঠানো হয় সিনেটে। সিনেটের অনুমোদন সাপেক্ষে ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরের বছর সেপ্টেম্বরে তিনি মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নেন। তার বিদায়ের পর থেকে ঢাকায় কয়েকজন চার্জ ডি অ্যাফেয়ার্স রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে এ দায়িত্বে আছেন লিসা জ্যাকবসন।
হোয়াইট হাউসের ঘোষণায় আরও জানানো হয়, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এবং ভারতে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন সের্গেই গোর।
স্টেট ডিপার্টমেন্টের তথ্যমতে, ক্রিস্টেনসেন আগে বাংলাদেশেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কাজ করেন। কর্মজীবনের শুরুতে তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সে ডেপুটি ডিরেক্টর, মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক উপ-কমিটিতে পিয়ারসন ফেলো, উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী এবং ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটিতে মার্কিন মিশনে দায়িত্ব পালন করেছেন।
সিনেট অনুমোদন পেলে ঢাকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে নতুন অধ্যায় শুরু হবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের হাত ধরে।