ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ফেলে দুই ব্যক্তি পালিয়ে যান। মৃতের বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও আকাশি রঙের শার্ট।
জরুরি বিভাগের ট্রলিম্যানের কাছে দুই ব্যক্তি নিহত যুবককে এনে টিকিট আনার কথা বলে কৌশলে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকাল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের পকেটে থাকা মানিব্যাগের কয়েকটি ভিজিটিং কার্ড ও চশমার দোকানের রিসিভ দেখে তার ছবি চশমার দোকানে পাঠানো হয়। দোকানদার ছবিটি ফেসবুকে দেওয়ার পর তার স্বজনদের সন্ধান পাওয়া যায়।
পরে মৃতের ছেলে তামিমের সঙ্গে কথা হলে জানা যায়, তার বাবার নাম সবুজ মল্লিক (৫০)। গ্রামের বাড়ি জামালপুর সদর। মৃতের বাবার নাম আমজাদ মল্লিক। সবুজ বর্তমানে ধামরাই এলাকায় এক সিরামিক কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ও সেখানেই বসবাস করতেন। আজকের ঘটনা, কোথায় গিয়েছিলেন বা কী হয়েছিল সে বিষয়ে ছেলে জানেন না বলে জানিয়েছেন।