ঢাবির অধ্যাপক সামিনা লুৎফার কালো কাপড় বেঁধে ক্লাসে প্রতিবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা শিক্ষকের কথা বলার স্বাধীনতা হরণ ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
রোববার (১১ অক্টোবর) তিনি ক্লাসরুমে গিয়ে পাঁচ মিনিট মুখে কালো কাপড় বেঁধে নীরব অবস্থান গ্রহণ করেন।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে অধ্যাপক সামিনা লুৎফা বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা নস্যাতের পরিকল্পিত চক্রান্ত শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক আস্থার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ভিন্নমত প্রকাশের কারণে যেসব শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন, তাদের প্রতি সংহতি জানাতে তিনি এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
তিনি আরও জানান, প্রতিবাদ শুরুর আগে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসের আচরণবিধি নিয়ে আলোচনা করেন। অনুমতি ছাড়া কী করা যাবে বা যাবে না এবং মতভেদ হলে কীভাবে সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করা সম্ভব, এসব বিষয়ে আলোচনা করে তিনি মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব থাকেন।
শিক্ষক সমাজের উদ্দেশে তিনি ক্লাসরুমের স্বাধীনতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একটি ক্লাসে নেকাব পরা এক ছাত্রীর সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর ৮ অক্টোবর বিভাগটি জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সব ধরনের পাঠদান কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়। এর ফলে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষকের স্বাধীনতা ও শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে নতুন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।