দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ 'একক নিয়ন্ত্রণাধীন নয়', জানালেন তারেক রহমান

এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলমান। এমন পরিস্থিতিতে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার কারণে তার দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সুযোগও সীমিত।

তিনি আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে পরিবার আশাবাদী। পোস্টে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারেক রহমান লিখেছেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার সুস্থতার জন্য দেশব্যাপী দল–মত নির্বিশেষে মানুষের দোয়া অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া এবং সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেশ–বিদেশের চিকিৎসকরা পেশাদারিত্বের পাশাপাশি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, “সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।

All Categories